আগরতলা, ৬ জুন, ২০২৬ঃ
১৯৮০ সালের ৬ জুন ত্রিপুরায় সংঘটিত গণহত্যার স্মরণে শনিবার ‘কালো দিবস’ পালন করল আমরা বাঙালী দল। এদিন গণহত্যায় নিহত বাঙালি জনসাধারণের প্রতি শ্রদ্ধা জানান দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, প্রচার সচিব দুলাল ঘোষ, অশোক দাস সহ অন্যান্য নেতৃত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল অভিযোগ করেন, ১৯৮০ সালের ৬ জুন বাঙালিদের উপর উগ্রপন্থী সংগঠন টিএনভি’র হামলায় বহু মানুষ নিহত হন, অসংখ্য পরিবার ঘরছাড়া হয় এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটে। আমরা বাঙালী ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেও তৎকালীন সরকার কোনও উদ্যোগ নেয়নি।
সভা থেকে গন্ডাছড়া, পেকুয়াছড়া সহ বিভিন্ন এলাকায় বাঙালিদের উপর হামলা, অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। পাশাপাশি রাজ্যের বাঙালিদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।
এদিন আমরা বাঙালী দলের পক্ষে ১৯৮০ সালের গণহত্যার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার, উগ্রপন্থীদের আত্মসমর্পণের নামে সুবিধা প্রদান বন্ধ করা, জাতিবিদ্বেষমূলক স্লোগানদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গন্ডাছড়ার হামলাকারীদের গ্রেপ্তার এবং উগ্রপন্থী আমলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য আবার দাবি তোলা হয়।