আগরতলা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় এই বছরের শারদীয় দূর্গোৎসবে সাউন্ড সিস্টেমে লিমিটার মেশিন ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। ডিজে ব্যবহারের অনুমতি নেই, বরং পূজো উদ্যোক্তাদের কাছে ঢাকের বাদ্যই প্রধান আকর্ষণ হবে।
রবিবার পশ্চিম আগরতলা থানার উদ্যোগে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্লাব, সামাজিক সংস্থা ও পূজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানা যায়, এই বছর পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে ২৩০টির বেশি বারোয়ারী দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। রাজ্যে উৎসবের মরসুমে গলিতে সাউন্ড সিস্টেমের শব্দসীমা সর্বোচ্চ ৬৫ ডেসিবেল নির্ধারিত হয়েছে।
সভায় সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, “পূজার সময় আমাদের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। ডিজে নয়, ঢাকের বাদ্যই আমাদের ঐতিহ্য। সাউন্ড লিমিটার ব্যবহার করে আমরা শব্দদূষণ নিয়ন্ত্রণ করব এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করব।”
পুলিশ ও স্থানীয় কমিটি আশা প্রকাশ করেছেন, এই নিয়মাবলী মেনে চলার মাধ্যমে আগরতলার শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হবে।