আগরতলা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতে রবিবার সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন বিকেল ৪টা ৪১ মিনিটে আসামের উডালগুড়ি অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের ছেড়ে ত্রিপুরাতেও এদিন বিকাল সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর নেই বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ২৬.৭৮° উত্তর অক্ষাংশ ও ৯২.৩৩° পূর্ব দ্রাঘিমাংশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে, ফলে এর কম্পন তীব্র ছিল। উদালগুড়ি থেকে ত্রিপুরার দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার হওয়া সত্ত্বেও, ভূমিকম্পের কম্পন ত্রিপুরার কিছু অংশে অনুভূত হয়েছে।
ত্রিপুরার উত্তরাঞ্চলীয় এলাকা, বিশেষ করে ঊনকোটি জেলা, ভূমিকম্পের কম্পন অনুভব করেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উত্তর-পূর্ব ভারত ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায়, এই ধরনের ভূমিকম্পের কম্পন ত্রিপুরার বিভিন্ন অংশে অনুভূত হওয়া অস্বাভাবিক নয়। তবে, স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের জন্য স্থানীয় প্রশাসনের অফিসিয়াল ঘোষণা ও সতর্কতা মেনে চলা উচিত।