আগরতলা, ৩ অক্টোবর ২০২৫ঃ
ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়ায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে পরিকল্পিত আলোচনা সভা আপাতত স্থগিত রাখল যুব সংগঠন ‘দ্যা ইয়ুথ রেভুলিউশন’। উত্তর প্রদেশের কানপুরে “আই লাভ মহম্মদ” প্রসঙ্গকে কেন্দ্র করে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলিম ধর্মাবলম্বী ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক আচরণ ও সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য এই কর্মসূচির আয়োজনের পরিকল্পনা ছিল। তবে শারদ উৎসবের আগে তা সম্ভব হয়নি। পরবর্তীতে ৪ অক্টোবর কর্মসূচির অনুমতির জন্য থানায় আবেদন জানানো হলেও পুলিশের পক্ষ থেকে অনুমোদন মেলেনি। ফলে আপাতত তা স্থগিত রাখা হয়েছে।
সংগঠনের সভাপতি মহম্মদ ওমর ফারুক সাংবাদিক সম্মেলনে বলেন, দুর্গাপূজার সময় হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতেই তাদের কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে নতুন তারিখ নির্ধারণ হলে তা জানিয়ে দেওয়া হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে সভাপতি মহম্মদ ওমর ফারুক ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক নজরুল ইসলাম।