আগরতলা, ৯ অক্টোবর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলার জন্য নতুন তিনটি কৃষি প্রকল্প ঘোষনা হতে চলছে আগামী ১১ অক্টোবর। এদিন সারা দেশের সঙ্গে রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার জন্য নতুন তিনটি প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এই তিনটি প্রকল্প নিয়ে বৃহস্পতিবার দেশের সকল রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে এক বৈঠক করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৈঠকে অংশ নিয়ে রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ জানান, আগামী ১১ অক্টোবর সারা দেশের কৃষকদের স্বার্থে ‘প্রধানমন্ত্রী ধন ধান্যে কৃষি যোজনা’, ‘ডাল শস্য মিশন’ এবং ‘ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং’, এই তিনটি প্রকল্পের ঘোষণা করতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। দেশের যেসব অঞ্চলে কৃষি উৎপাদন তুলনামূলকভাবে কম, সেসব এলাকাকে কৃষিক্ষেত্রে স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্য। তিনি বলেন, “ত্রিপুরার উত্তর জেলা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে, যা রাজ্যের কৃষকদের জন্য একটি বড় সুযোগ।”
মন্ত্রী আরও জানান, জৈব ও ন্যাচারাল ফার্মিং বিষয়েও জাতীয় পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী মোদীর তিনটি নতুন প্রকল্প দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।