আগরতলা, ৯ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কার্যালয়ে হামলার ঘটনায় শেষ পর্যন্ত এফআইআর দায়ের করলেন দলের নেতৃত্বরা । বৃহস্পতিবার সকালে তৃণমূলের প্রতিনিধি দল অভিযোগ জানাতে ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপারের দফতরে হাজির হয়। প্রমাণস্বরূপ একটি ভিডিও জমা দিয়েছে তারা। অভিযোগপত্রে দলীয় কার্যালয়ে ভাঙচুর, হামলা ও হুমকির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
তৃণমূলের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে বিজেপি-সমর্থিত একদল দুষ্কৃতী বাঁশ, লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে আগরতলার দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে। তারা কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালায়, দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং উপস্থিত কর্মীদের মারধর করে। কয়েকজন গুরুতরভাবে আহত হন, অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িত ঝণ্টু সাহা, নকুল দেবনাথ, কানাই সাহা, রামু সাহা, প্রমচাঁদ পাল, সুমন গঙ্গোপাধ্যায়, অজয় দাস ও রামু দাসদের নামে মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালেই কুণাল ঘোষ, সাংসদ প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা ও সায়নী ঘোষ-সহ ছয় সদস্যের তৃণমূল প্রতিনিধি দল আগরতলায় পৌঁছায়। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার কর্মসূচি থাকলেও সূত্রের খবর, রাজ্যপাল সাক্ষাতের সময় দেননি।
এদিকে, পূর্ব থানায় আলাদা করে এফআইআর দায়েরের প্রস্তুতিও নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিকে দ্বিতীয় দিনেও রাজ্যে একের পর এক বাধার মুখে পড়ছে দলটির প্রতিনিধি দল। এমনকি বৃহস্পতিবার সকালে হোটেল থেকে বেরোতে গাড়িও পাচ্ছেন না তৃণমূল নেতারা। দলের পক্ষ থেকে অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে অসহযোগিতা করছে।