আগরতলা, ৯ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা সংক্রান্ত সমস্ত ক্ষেত্রে ফি বাড়াতে চলছে। ১০ অক্টোবর থেকে চালু হতে চলছে এই নতুন ফি কাঠামো। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে নতুন ফি কাঠামোর ঘোষণা করেন। তিনি জানান, পর্ষদের আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে এবং আধুনিক পরিকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য এই বৃদ্ধি প্রয়োজনীয়। নতুন কাঠামো অনুসারে মাধ্যমিক পরীক্ষার ফি ১২০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০০ টাকা, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। আগে সব বিষয়ের জন্য একত্রে ৭৫ টাকা নেওয়া হত, এখন থেকে প্রতি বিষয়ের জন্য দিতে হবে ৭৫ টাকা করে। ফলে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যয় আরও বাড়বে।
এছাড়াও সেন্টার ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ থেকে ১০০ টাকা, খাতা রিভিউ ফি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা এবং সেল্ফ ইন্সপেকশন ফি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। সচিব দুলাল দে জানান, নতুন এই ফি কাঠামো ১০ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে।
২০২১ সালের পর এবার সব ক্ষেত্রেই ফি বাড়ানো হয়েছে প্রায় ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত।
পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী বলেন, “ফি বাড়ানো হলেও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি এখনও তুলনামূলকভাবে অনেক কম। তবে আমরা বুঝতে পারছি, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য এই নতুন কাঠামো কিছুটা সমস্যার কারণ হতে পারে।” তিনি আরও জানান, পর্ষদের ব্যয় গত কয়েক বছরে দ্রুত বেড়েছে, তাই প্রতিষ্ঠান চালু রাখতে এই বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে।