আগরতলা, ১০ অক্টোবর, ২০২৫ঃ
৬৮তম ইন্টারন্যাশনাল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে অংশগ্রহণ করলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বারবাডোজের রাজধানী ব্রিজটাউনে অনুষ্ঠিত এই চার দিনব্যাপী আন্তর্জাতিক সংসদীয় সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কনফারেন্সে বিশ্বের ৫৬টি কমনওয়েলথ দেশের সংসদীয় প্রতিনিধি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক সিপিএ-র চেয়ারম্যান ও মহাসচিবসহ বিশিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ত্রিপুরার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টান্ত, উত্তরপূর্ব ভারতের সংসদীয় অভিজ্ঞতা এবং গণতান্ত্রিক সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “ত্রিপুরা বিধানসভা সবসময় গণতন্ত্রের মূল আদর্শকে ধারণ করে জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে।”
তিনি আরও বলেন, “এই ধরনের আন্তর্জাতিক কনফারেন্স পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে দেয়, যা ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে সহায়ক হবে।”