আগরতলা, ২০ অক্টোবর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলায় ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক বিএসএফ জওয়ান ও সাধারণ নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে ধর্মনগর বৈঠাংবাড়ি মালাকার বস্তি সীমান্ত পর্যবেক্ষণ পোস্ট থেকে জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন বিএসএফ জওয়ানকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার পর তাদের মধ্যে অন্তত ১৪ জনের ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। বর্তমানে কয়েকজন জওয়ান জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যদিকে গুরুতর অবস্থায় দুইজন জওয়ানকে আগরতলায় রেফার করা হয়েছে।
এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। বালিদুম এলাকার সাত-আটজন সাধারণ নাগরিকও এই রোগে আক্রান্ত বলে জানা গেছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত এক মাস ধরে উত্তর জেলায় ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মোট ৯৭ বিএসএফ ব্যাটেলিয়নের ৬৯ জন জওয়ানের রক্ত পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।