আগরতলা, ১৯ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা সরকারের উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রবাসী ত্রিপুরা কনক্লেভ’। রাজ্যের উন্নয়নযাত্রায় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ত্রিপুরাবাসীদের অংশগ্রহণ ও সহযোগিতা উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করবে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন ।
সরকারি সূত্রে জানা গেছে, প্রবাসী ত্রিপুরাবাসীদের সুবিধার্থে কনক্লেভটি আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজিত হতে পারে। এই সম্মেলনের মূল লক্ষ্য হল বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং বিশিষ্ট প্রবাসী ত্রিপুরাবাসীদের একত্রিত করে রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করা।
রবিবার গীতাঞ্জলি গেস্ট হাউসে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এর সিইও কিরণ গিট্টের সভাপতিত্বে এই বিষয়ে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে প্রস্তাবিত কনক্লেভের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন জানান।
অংশগ্রহণকারীরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রবাসী ত্রিপুরাবাসীদের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।