আগরতলা, ৩ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর হিসেবে ভারতের রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
২ জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের উপদেষ্টা এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. দেবব্রত দাস দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছরের জন্য অথবা ৭০ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ভারত সরকারের উপসচিব শ্রেয়া ভরদ্বাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ড. দেবব্রত দাসের নিয়োগের শর্তাবলি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আইন, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট, অর্ডিন্যান্স এবং অন্যান্য প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে।
উচ্চশিক্ষা প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ড. দেবব্রত দাস বর্তমানে অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নে নতুন গতি আসবে বলে শিক্ষা মহলের অভিমত।
২০২৫ সালের আগস্ট মাস থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শ্যামল দাস ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।