আগরতলা, ৪ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরার রেল যোগাযোগে যুক্ত হলো এক নতুন মাইলফলক। শনিবার মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলা রেলস্টেশন থেকে রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলের প্রথম মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, মেমো ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগরতলা করিমগঞ্জ আগরতলা রুটে, ট্রেন নং ৭৫৬৭৯/৭৫৬৮০ এই বৈদ্যুতিক মেমু ট্রেনের সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী সবুজ পতাকা নেড়ে ট্রেনটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ রেল ও প্রশাসনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন মেমু ট্রেনটির প্রায় ৩,৬০০ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে। আধুনিক, দ্রুতগামী ও পরিবেশবান্ধব এই পরিষেবা চালু হওয়ায় আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের আন্তঃরাজ্য রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলে উন্নত রেল পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রের উদ্যোগের ধারাবাহিকতায় ত্রিপুরায় এই মেমু ট্রেন পরিষেবা চালু হয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই ত্রিপুরা থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিষেবা চালু হলে রাজ্যের রেল যোগাযোগে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।