আগরতলা, ১ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ও লেগ ব্রেক বোলার রাজেশ বণিক শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন রাজেশ বণিক। ২০০২-০৩ মরসুমে রঞ্জি ট্রফিতে রাজ্যের হয়ে অভিষেক ঘটে তাঁর, যেখানে তিনি একজন নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটসম্যান ও দক্ষ লেগ-ব্রেক বোলার হিসেবে আত্মপ্রকাশ করেন।
তাঁর অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে তিনি নির্বাচিত হন ভারতীয় অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে, যেখানে তিনি বিশ্বকাপ ও এশিয়া কাপে দেশের প্রতিনিধিত্ব করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর প্রথম ওয়ানডে শতরান এবং পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচে ৫ উইকেট নেওয়া ক্রিকেটপ্রেমীদের স্মরণীয় হয়ে আছে। ২০১৬-১৭ মরসুমে রাজেশ বণিকের নেতৃত্বে ত্রিপুরা দল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।
রাজেশ বণিকের অকাল প্রয়াণে ত্রিপুরা তথা দেশের ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার ত্রিপুরা বনাম বাংলা রঞ্জি ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমে তাকে শ্রদ্ধা জানান।
শুধু দক্ষ ক্রিকেটারই নন, রাজেশ ছিলেন তরুণ ক্রিকেটারদের কাছে এক পরামর্শদাতা ও আদর্শ ব্যক্তিত্ব। তিনি আগ্রহীদের ব্যাটিং ও বোলিং শেখাতে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করতেন।