আগরতলা, ১১ নভেম্বর, ২০২৫ঃ
ঊনকোটি জেলাজুড়ে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। এ পর্যন্ত জেলায় মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে ১৩ জন রোগী চিকিৎসাধীন।
জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ রোহন পাল জানান, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডেঙ্গুর পজিটিভ কেসের সংখ্যা দ্রুত বাড়ছে। যদিও এখনও পর্যন্ত কারও শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়, তবু সকলকে সতর্ক থাকতে হবে। জ্বর হলে অবিলম্বে হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে ডেঙ্গু টেস্ট করান। টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।” তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জল জমে থাকা স্থান পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় ওষুধ সেবন থেকে বিরত থাকুন।”
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হীরাছড়া, কালাইগিরি ও দেওছড়া প্রভৃতি পাহাড়ি এলাকায়। পাশাপাশি মুরইবাড়ি, গৌরনগর ও কৈলাসহর শহরের কয়েকটি ওয়ার্ডেও নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।
জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক ডাঃ শীর্ষেন্দু চাকমা জানান, “এখন পর্যন্ত ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আমরা বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করার পরিকল্পনা নিচ্ছি, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা যায়।”