আগরতলা, ১১ নভেম্বর, ২০২৫ঃ
ভগবান বীরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীকে “জনজাতি গৌরব দিবস” হিসেবে পালন করতে চলেছে প্রদেশ বিজেপি। এই উপলক্ষে রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা এই তথ্য জানান।
মন্ত্রী জানান, আগামী ১৫ নভেম্বর রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খুমুলুঙে। সেখানে এই প্রথমবারের মতো একসাথে ১২০০ জন শিল্পী ঐতিহ্যবাহী মামিতা নৃত্যে অংশগ্রহণ করবেন। বিশাল এই সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজ্যের জনজাতি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিকাশ দেববর্মা আরও জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।
দেশজুড়ে ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে কেন্দ্র করে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয়। আদিবাসী সমাজের এই মহান নেতা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে চোটনাগপুর অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন।