আগরতলা, ১ ডিসেম্বর, ২০২৫ঃ
এইডস মুক্ত সমাজ গঠন করা শুধুমাত্র সরকার বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে প্রতিটি মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সরকার এবং প্রশাসনকে সাহায্য করতে হবে। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল, কলেজ, সামাজিক সংস্থা, বিভিন্ন ক্লাবকে নেশামুক্ত, এইডস মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। সোমবার রাজ্যভিত্তিক আন্তর্জাতিক এইডস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কোন ব্যক্তি এইডস আক্রান্ত হলে তাকে সম্পূর্ণ সুস্থ করা যায় না। চিকিৎসার মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তিকে অনেক বছর বাঁচিয়ে রাখা যায়। এইডস আক্রান্তকে সম্পূর্ণ সুস্থ করা না গেলেও রোগের বিস্তার ঠেকানো যায়। দেশেও ২০১০ সালের তুলনায় বর্তমানে এইডস রোগে আক্রান্তের হার প্রায় ৪৪ শতাংশ হ্রাস পেয়েছে।
এইডস প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের হিসেবে তাতে ত্রিপুরা গ্রীণ জোনে আছে। রাজ্য সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে আমাদের রাজ্যে এইডস রোগীর
সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা। মুখ্যমন্ত্রী বলেন, এইডস মুক্ত সমাজ গঠনের জন্য ছাত্র ও যুব সমাজকে আরও বেশি সচেতন হতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি এবিষয়ে অন্যকেও সচেতন করতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি
উত্তর ত্রিপুরা, গোমতী ও ধলাই জেলার ৩টি ক্যানসার কেয়ার সেন্টার, ২৬টি ওএসটি সেন্টার
এবং এফআইসিটিসি টেস্টিং সেন্টারের উদ্বোধন করেন।