আগরতলা, ১১ ডিসেম্বর, ২০২৫ঃ
ছোট ছোট শিশুদের গুণগত শিক্ষা প্রদানই আগামী দিনের উন্নত মানবসম্পদ গঠনের মূল ভিত্তি। বৃহস্পতিবার নিপুণ ফেস্ট ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “শিশুদের উপর কোনও কিছু চাপিয়ে দিলে তাদের আগ্রহ কমে যায়। খেলার ছলে শিক্ষা প্রদান করলে শেখার আকর্ষণ বাড়ে এবং বিষয়গুলি সহজে মনে থাকে।” তিনি আরও জানান, শিক্ষকরাই ভবিষ্যৎ মানবসম্পদ গঠনের কারিগর, তাই তাঁদের নিয়মিতভাবে নিজেদের হালনাগাদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত তিন বছর আগে রাজ্যে নিপুণ ত্রিপুরা মিশন চালু হওয়ার পর থেকে ৪,২০০টি বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ ‘ফ্রম বাডস টু ব্রিলিয়ান্স, নিপুণ ত্রিপুরা’ শীর্ষক পুস্তিকার আবরণ উন্মোচন করেন। পাশাপাশি গত তিন মাসে ভাষাগত ও গাণিতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। জেলার শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক, নিপুণ কো-অর্ডিনেটরসহ মোট ছয়জন ব্লক ও ক্লাস্টার রিসোর্স পার্সনকেও সম্মাননা প্রদান করা হয়।