আগরতলা, ১২ ডিসেম্বর, ২০২৫ঃ
অল ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন তাদের দুই সম্মানিত সদস্যের মৃত্যুতে ১৩ ডিসেম্বর রাজ্যজুড়ে শোকপালনের সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সংস্থা জানায়, ১৩ ডিসেম্বর শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ত্রিপুরার সমস্ত এলপিজি ডিস্ট্রিবিউটর, গ্যাস এজেন্সি, এসকেও ডিলার এবং পেট্রোল রিটেল আউটলেট অস্থায়ীভাবে পরিষেবা বন্ধ রাখবে।
সংগঠনের পক্ষ থেকে ফুড, সিভিল সাপ্লাইস ও কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। সংগঠনের দুই সদস্য, বিশাল কেরোসিন এজেন্সির মালিক সুব্রত দেববর্মা এবং জয়ারাম গ্যাস এজেন্সির মালিক নিশিথ ভট্টাচার্য, সম্প্রতি প্রয়াত হয়েছেন।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের অবদান এবং দীর্ঘদিনের সহযোগিতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই শোকপালন কর্মসূচি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে পরিষেবা বন্ধ থাকলেও বিকেল ২টার পর থেকে সব আউটলেটে স্বাভাবিক পরিষেবা চালু হবে। ১৩ ডিসেম্বর দ্বিতীয় শনিবার থাকায় সমস্ত সরকারি কার্যালয় বন্ধ থাকায় জ্বালানি তেলের চাহিদা কম থাকবে। তারপরও সাময়িক সমস্যার আশঙ্কা করা হচ্ছে।