আগরতলা, ১৪ ডিসেম্বর, ২০২৫ঃ
শক্তি সংরক্ষণ ও শক্তি দক্ষতার ক্ষেত্রে ফের একবার জাতীয় স্বীকৃতি পেল ত্রিপুরা। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানে এ বছর শক্তি দক্ষতার ক্ষেত্রে গ্রুপ–৫ ক্যাটাগরিতে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, টিএসইসিএল।
নয়া দিল্লীর বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করেন টিএসইসিএলের কারিগরি অধিকর্তা সুবীর সেন এবং ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর স্টেট ডিজিগনেটেড এজেন্সির নোডাল অফিসার তথা এজিএম সীমা দাস।
২০২৪ সালে গ্রুপ–৪ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনের পর ২০২৫ সালে আবারও দ্বিতীয় স্থান পাওয়ায় ত্রিপুরার এই সাফল্যকে “ছোট রাজ্যের বড় অর্জন” বলে প্রশংসা করেছেন দেশজুড়ে শক্তি বিশেষজ্ঞরা। বিদ্যুৎ মন্ত্রকের আওতাধীন বিইই-এর উদ্যোগে এবং স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইনডেক্স ২০২৫ সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বলেন, “দু’বছর ধারাবাহিকভাবে জাতীয় স্বীকৃতি অর্জন নিগমের স্বচ্ছ প্রশাসন, নিরলস পরিশ্রম ও কার্যকর রোডম্যাপের ফল। এটি ত্রিপুরার গর্ব।” তিনি রাজ্যের জনগণকেও শক্তি সাশ্রয় ও দায়িত্বশীল বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান।