আগরতলা, ১৬ ডিসেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যশস্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ত্রিপুরা কৃষি দপ্তর ও নাগপুরের ন্যাশনাল ব্যুরো অব সয়েল সার্ভের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার আগরতলায় ‘জিও-স্পেশাল টেকনিক ব্যবহার করে ত্রিপুরার ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন করে এই তথ্য জানান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী বলেন, এই চুক্তির আওতায় রাজ্যের তিনটি জেলায় চাষযোগ্য জমির উপর বিস্তারিত গবেষণা করা হবে, যার মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে চাষে উৎসাহিত করা হবে।
“কৃষিতে স্বনির্ভরতার কথা আমরা বলি, কিন্তু তার জন্য সবার আগে দরকার জমি সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা। কৃষির মূল ভিত্তি হল জমি, তারপর বীজ, জলস্তর ও আধুনিক চাষ পদ্ধতি।” তিনি জানান, প্রায় তিন বছর আগে রাজ্যে জমির স্তর ও গুণমান যাচাইয়ের কাজ শুরু হয়।
মন্ত্রী আরও জানান, প্রথম পর্যায়ে দক্ষিণ ও গোমতী জেলায় সমীক্ষা করা হয়। নাগপুরের এনবিএসএস-এর মাটি বিজ্ঞানীরা সমীক্ষা চালিয়ে রিপোর্ট জমা দেন। এরপর উত্তর, ধলাই ও ঊনকোটি জেলাকে অন্তর্ভুক্ত করে নতুন করে মৌ স্বাক্ষর করা হয়েছে। এই জেলাগুলির রিপোর্ট ইতিমধ্যেই উপস্থাপিত হয়েছে।