আগরতলা, ১৭ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় উৎপাদিত একাধিক কৃষিপণ্যকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ প্রদানের জোরালো দাবি জানালেন রাজ্যের রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। বুধবার রাজ্যসভার অধিবেশনে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের কৃষক ও জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংসদ রাজীব ভট্টাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পার্বত্য ত্রিপুরার জনজাতি ও কৃষকদের উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে। ‘কুইন আনারস’কে জিআই ট্যাগ প্রদান করে ত্রিপুরার কৃষকদের আন্তর্জাতিক পরিচিতি ও আত্মনির্ভরতা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে তিনি সদনের মাধ্যমে আবেদন জানান, ত্রিপুরায় উৎপাদিত গন্ধরাজ লেবু, ব্রাউন রাইস, কাঁঠাল, কালি খাসা চাল এবং জুমে উৎপাদিত বিন্নি চাল সহ বিভিন্ন অর্গানিক ফল ও ফসলের জন্য জিআই ট্যাগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। তাঁর মতে, এসব কৃষিপণ্য জিআই ট্যাগ পেলে ত্রিপুরার কৃষক সমাজের উৎপাদন বিশ্বব্যাপী সুনাম অর্জন করবে এবং আর্থিকভাবে কৃষকরা আরও লাভবান হবেন।
এই দাবির মাধ্যমে রাজ্যের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।