আগরতলা, ২১ ডিসেম্বর ২০২৫ঃ
জাতীয় পালস পোলিও দিবস উপলক্ষ্যে রবিবার ত্রিপুরায় অনুষ্ঠিত হলো পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। এদিন পাঁচ বছরের কম বয়সি প্রায় ৩ লক্ষ ৪০ হাজার ৮৭৪ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু ২১ ডিসেম্বর টিকা নিতে পারবে না, তাদের জন্য ২২ ও ২৩ ডিসেম্বর বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা হবে।
এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে আগরতলায় রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত ১৪ বছর ধরে ভারত পোলিও-মুক্ত হলেও প্রতিবেশী কয়েকটি দেশে এখনও পোলিও ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। ফলে ভারতের পোলিও মুক্ত অবস্থান বজায় রাখতে নিয়মিত পালস পোলিও টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচ বছরের নিচে প্রতিটি শিশুকে দুই ফোঁটা পোলিও ডোজ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে শিশুদের হাত পা অকেজো হয়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা করতে সহায়ক।
এ বছর রাজ্যের সর্বত্র অস্থায়ী টিকাকরণ কেন্দ্র, স্কুল, উপস্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও হাসপাতালগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যজুড়ে মোট ৩ হাজার ৪০৯টি টিকাকরণ বুথে ১৩ হাজার ৬৩৬ জন টিকাদানকারী শিশুদের পোলিও ডোজ খাওয়াবেন। “একটি শিশুও যেন বাদ না যায়”, এই লক্ষ্য নিয়ে ডোর টু ডোর অভিযান অব্যাহত থাকবে।