আগরতলা, ২১ ডিসেম্বর, ২০২৫ঃ
মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে এমজিএন রেগা আইন বাতিলের উদ্যোগ এবং স্বৈরাচারী সরকারের দ্বারা অধিকারবিহীন আইন প্রণয়নের প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নির্দেশে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার আগরতলা কংগ্রেস ভবন থেকে এমজিএন রেগার নাম পরিবর্তনের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ চলাকালীন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।
এই কর্মসূচিতে উপস্থিত কংগ্রেসের কর্মী-সমর্থকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা স্লোগান দেন, “মহাত্মা গান্ধীর নাম মুছে এমজিএন রেগা আইন বাতিল ও অধিকারবিহীন আইন প্রণয়ন মানছি না, মানব না”,
“মানুষের অধিকার খর্ব ও গ্রামীণ অর্থনীতি বিপর্যস্ত করার ষড়যন্ত্র রুখছি, রুখব।”
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এমজিএন রেগা গ্রামীণ মানুষের জীবিকা ও অধিকার সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ আইন। এই আইনের নাম পরিবর্তন কিংবা বাতিলের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান।