আগরতলা, ৩০ ডিসেম্বর, ২০২৫ঃ
রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে আগরতলায় জ্যাকসন গেট পুননির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী জ্যাকসন গেট নির্মাণের নকশা ও পরিকল্পনা দেখেন।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী জ্যাকসন গেটের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, রাজন্য আমলের স্মৃতিবিজড়িত জ্যাকসন গেট নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, গেটটি পুনর্নির্মাণ সম্পন্ন হলে এলাকাটির ঐতিহাসিক গুরুত্ব যেমন বাড়বে, তেমনই পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
মুখ্যমন্ত্রী জানান, আগরতলা শহরকে আরও নান্দনিকভাবে সাজানোর লক্ষ্যে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে রাজবাড়ী এলাকা থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটিকে হেরিটেজ করিডোর হিসেবে গড়ে তোলা হবে। নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই করিডোরের আওতায় রাজন্য আমলের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হবে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে জ্যাকসন গেট হুবহু আগের আদলে পুনর্নির্মাণ করা হবে।
জনসংখ্যা ও যানবাহনের চাপ বৃদ্ধি এবং যানজটের কারণ দেখিয়ে ১৯৮০ সালে জ্যাকসন গেটটি ভেঙে ফেলা হয়েছিল। জ্যাকসন গেট পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য পুর্ত দফতর।