আগরতলা, ২৫ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরায় পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রবিবার নারিকেলকুঞ্জে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটের শিলান্যাস করেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডোনার মন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় পর্যটন শিল্প বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি ডম্বুর জলাশয়ের সৌন্দর্যের কথা উল্লেখ করে একে ‘এক টুকরো স্বর্গ’ বলে অভিহিত করেন। পর্যটনের উন্নয়নের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হবে, যার আওতায় ডম্বুর, নীরমহল, সিপাহীজলা, মাতাবাড়ি, অমরসাগর ও ছবিমুড়া অন্তর্ভুক্ত থাকবে। এই প্রকল্পের ফলে রাজ্যে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পর্যটন শিল্প রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যটনকে কেন্দ্র করেই আগামী দিনে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের গতি আরও বাড়বে। রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে সহায়তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।