আগরতলা, ফেব্রুয়ারি ২০২৬ঃ
ত্রিপুরায় জানুয়ারি মাসজুড়ে ঘন কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা আবহাওয়া কেন্দ্রের তরফে জানানো হয়েছে, , ওই মাসে রাজ্যে মোট ৮ দিন ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হয়, যার মধ্যে ৬ দিন ছিল ‘ভীষণ ঘন কুয়াশা’। এই কুয়াশা মূলত গভীর রাত থেকে ভোরের সময় পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ৪ জানুয়ারি আগরতলা বিমানবন্দরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ৮ জানুয়ারি কৈলাসহরে ৯.০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও গড় ন্যূনতম তাপমাত্রা আগরতলায় ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং কৈলাসহরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।
অন্যদিকে, মাসের শেষদিকে দিনের তাপমাত্রা বেশ বাড়ে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৮ জানুয়ারি আগরতলা বিমানবন্দরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে এবং একই দিনে কৈলাসহরে তা ছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস। গড় সর্বোচ্চ তাপমাত্রা আগরতলায় ছিল ২৬.১ ডিগ্রি এবং কৈলাসহরে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
পুরো জানুয়ারি মাস জুড়েই ত্রিপুরার সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের ঘাটতির পাশাপাশি ঘন কুয়াশার কারণে সকাল ও ভোরের সময় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা যান চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে।
আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, ‘ঘন কুয়াশা’ বলতে দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে নেমে আসাকে বোঝায়, আর ‘ভীষণ ঘন কুয়াশা’র ক্ষেত্রে দৃশ্যমানতা ৫০ মিটারেরও নিচে নেমে যায়। জানুয়ারি মাসে একাধিক দিনে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ ও যানচালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন পড়েছিল।