আগরতলা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা বিধানসভায় ২০২৬ সালের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১৩ মার্চ। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার এটি হবে নবম অধিবেশন। রাজ্য বিধানসভা অধিবেশনের সচিব অমিয় কুমার নাথ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ মার্চ সকাল ১১টায় বিধানসভা কক্ষে অধিবেশনের সূচনা হবে।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই বছরের বিধানসভা অধিবেশন।
এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে বাজেট অধিবেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অধিবেশনের কর্মসূচি নির্ধারণ করতে আগামী কিছুদিনের মধ্যেই বিজনেস এডভাইজারি কমিটি বৈঠকে বসবেন। সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে এই কমিটি বিধানসভা অধিবেশনের বাকি কর্মসূচি ঠিক করবেন। ১৮ ফেব্রুয়ারি, জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর অনুমোদনে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশে সকল বিধায়ককে নির্ধারিত দিনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এটি চলতি বছরের প্রথম অধিবেশন এবং প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন-এর মৃত্যুর পর অনুষ্ঠিত প্রথম অধিবেশনও বটে। বর্তমান উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সংবিধানের অনুচ্ছেদ ১৭৪ অনুযায়ী রাজ্যপালের হাতে রাজ্য বিধানসভা আহ্বান, মুলতুবি ও ভঙ্গ করার ক্ষমতা রয়েছে। নতুন নির্দেশ জারির মাধ্যমে ২০২৬ সালের আইনসভা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলা এই অধিবেশনে অংশগ্রহণের জন্য সদস্যদের আনুষ্ঠানিকভাবে ডাকা হয়েছে।