আগরতলা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনী প্রচার ঘিরে খোয়াই মহকুমার বাইজালবাড়ি এলাকায় শাসক দল বিজেপি ও শরিক দল তিপ্রামথার মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে খোয়াই আগরতলা জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস।
সূত্রের খবর, শনিবার বাইজালবাড়ি এলাকায় বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত থাকার কথা ছিল জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব প্রসেনজিৎ দেববর্মার। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন শরিক দল তিপ্রামথার কর্মীরা। অভিযোগ, প্রসেনজিৎ দেববর্মার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলায় আদালতের গ্রেফতারি নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত গ্রেফতারের দাবিতে তারা সড়ক অবরোধ করেন।
ঘটনার জেরে শাসক ও শরিক দলের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বাইজালবাড়ি থেকে পদ্মবিল পর্যন্ত বিজেপির মোটরসাইকেল র্যালিটি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাও।
এই প্রসঙ্গে মথা বিধায়ক রনজিৎ দেববর্মা সাংবাদিকদের জানান, প্রসেনজিৎ দেববর্মার বিরুদ্ধে ধর্ষণ মামলায় গ্রেফতারের নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও পুলিশ তাঁকে গ্রেফতার করছে না।
অন্যদিকে মন্ত্রী বিকাশ দেববর্মা মথার এই অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক রাজনৈতিক দলের প্রচারের অধিকার রয়েছে। ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রং দিয়ে দলীয় কর্মসূচি বানচাল করা গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি।