আগরতলা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ই-বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, ২০২২ অনুযায়ী সমস্ত শ্রেণির বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম অন্তর্ভুক্ত করে ই-বর্জ্যের পূর্ণাঙ্গ তালিকাভুক্তকরণ সম্পন্ন করেছে। সেই রিপোর্ট ইতিমধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জমা দেওয়া হয়েছে।
জানা গেছে, সারা দেশের মধ্যে মাত্র সাতটি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা দূষণ নিয়ন্ত্রণ কমিটি এই ই-বর্জ্য তালিকাভুক্তকরণের কাজ সম্পূর্ণ করে সিপিসিবি-কে জমা দিয়েছে। ত্রিপুরা ছাড়াও এই তালিকায় রয়েছে অসম, দিল্লি, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও নাগাল্যান্ড।
ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, ২০২২ অনুযায়ী রাজ্যগুলিকে তাদের আওতাধীন এলাকায় উৎপন্ন ই-বর্জ্যের পরিমাণ, উৎস এবং বিভিন্ন শ্রেণির ইলেকট্রনিক ও বৈদ্যুতিক পণ্যের তথ্য সংগ্রহ করে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে তালিকাভুক্ত করতে হয়। এর মাধ্যমে ই-বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণ পরিকল্পনা প্রণয়নে সহায়তা মেলে।
অন্যদিকে, সিপিসিবি জাতীয় পরিবেশ আদালতকে জানিয়েছে যে দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও কোনও ইলেকট্রনিক বা ই-বর্জ্য পুনর্ব্যবহার সুবিধা নেই। ফলে সেখানে উৎপন্ন ই-বর্জ্য বৈজ্ঞানিকভাবে নিষ্পত্তি না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।