আগরতলা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরদিন ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যজুড়ে পরীক্ষাকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে পর্ষদ।
এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪ জন। এর মধ্যে ছাত্র রয়েছে ১৪ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ১৭ হাজার ৩৭৫ জন। পাশাপাশি মাদ্রাসা আলিম পরীক্ষার্থী রয়েছে ১৫৫ জন।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৪১১ জন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ২৪৬ জন এবং ছাত্রী ১৪ হাজার ১৬৪ জন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ বছর একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও অংশ নিচ্ছেন। এছাড়াও মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থী রয়েছে ৮৫ জন।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, এ বছর মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যজুড়ে ৬৯টি পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। এই কেন্দ্রগুলির অধীনে মোট ১৪৫টি পরীক্ষা স্থান থাকবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রের সংখ্যা ৬২টি এবং সংশ্লিষ্ট স্থানের সংখ্যা ৯৯টি।
পর্ষদ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৪ মার্চ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন পর্ষদ সভাপতি।