আগরতলা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম পন্নুসামি রাধাকৃষ্ণন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিশ্ববিদ্যালয়ের আচার্য আহমেদ জাভেদ, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শ্যামল দাস এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর সমীর কুমার শীল।
সমাবর্তনে ২০২৪ সালের ১৪৫ জন এবং ২০২৫ সালের ১৩৮ জন স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের স্বর্ণপদক প্রদান করা হবে। পাশাপাশি ১৪৯ জন গবেষককে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে।
সমাবর্তনের খবর প্রকাশ্যে আসতেই ছাত্রছাত্রী ও গবেষকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। ইতিমধ্যেই রাজ্য ও বহিঃরাজ্যের বহু পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় বহু ছাত্রছাত্রী ও গবেষক সমস্যায় পড়েছিলেন। চাকরিতে যোগদানের ক্ষেত্রে প্রবেশনারি সার্টিফিকেট অনেক সময় গ্রহণযোগ্য না হওয়ায় তাঁদের ভোগান্তি বাড়ে। এবারের সমাবর্তনের মাধ্যমে সেই জট কাটতে চলেছে।