আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে ধারাবাহিক অগ্রগতির পথে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী মুরলীধর মহল। মঙ্গলবার খোয়াই জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলার ফ্ল্যাগশিপ প্রকল্প ও অন্যান্য উন্নয়নমূলক স্কিমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে তিনি এ কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী জেলার বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং অসমাপ্ত প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী-এর দূরদর্শী চিন্তাধারার ফলেই উত্তর-পূর্বাঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে আনতে ডোনার মন্ত্রক গঠন করা হয়েছিল। চলতি কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করেন তিনি।
সভা শেষে প্রতিমন্ত্রী জেলার বিভিন্ন সমবায় সংস্থা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তুলাশিখর ব্লকে টিআরএলএম এর লাখপতি দিদিদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সাফল্যের কথা শোনেন।