আগরতলা, ৩ মার্চ, ২০২৬ঃ
বন ও বন্যপ্রাণী সংরক্ষণের উপর জোর দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব প্রাণী দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘হিউম্যান অ্যানিমেল ইন্টারেকশন’ শীর্ষক কর্মশালায়কর্মশালার উদ্বোধন করে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব আরোপ করেন তিনি। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বন ও বন্যপ্রাণী উভয়ই অপরিহার্য। বন ও বন্যপ্রাণীর ধ্বংস মানেই পরিবেশ তথা মানবজাতির অস্তিত্বের জন্য বড় বিপর্যয়। তাই নিজেদের স্বার্থেই বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল বনকে রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য।
মন্ত্রী আরও বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজের সময় বন্যপ্রাণীর আবাসস্থল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বনকে এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে বন্যপ্রাণীরা সেখানে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। বিদ্যালয় স্তর থেকেই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করে তিনি জানান, এতে ছাত্রছাত্রীরা অল্প বয়স থেকেই প্রকৃতি ও জৈব বৈচিত্র সম্পর্কে সচেতন হয়ে উঠবে।
বিশেষ অতিথির ভাষণে রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক রবীন্দ্র কুমার শ্যামল বলেন, বনের ঔষধি গাছপালা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি বনের পাখিদের রক্ষা করার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাখিরা বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে দিয়ে বনাঞ্চলের প্রাকৃতিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।