আগরতলা, ২৭ জুলাই, ২০২৬ঃ
দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরাকে দলীয় সব দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, টাউন বড়দোয়ালি মণ্ডলের সদস্য দেবাশীষ সাহাকে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজেপির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ্মলোচন ত্রিপুরার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বারবার সতর্ক করার পরও দলবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দল ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী প্রচারের অভিযোগ রয়েছে। অন্যদিকে, দেবাশীষ সাহার বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, পদ্মলোচন ত্রিপুরাকে ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৩ সালে ককবরক ভাষার লিপি সংক্রান্ত বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল। ২০২৬ সালের মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি এআই-নির্মিত বিকৃত ছবি নিয়ে তিনি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
অন্যদিকে, দেবাশীষ সাহা কে ঘিরে সম্প্রতি অভিযোগ উঠেছে যে, তোলাবাজির টাকা দাবি করে সে এক মহিলাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। ফোনে দেওয়া তার এই হুমকির কল রেকর্ড ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।