আগরতলা, ৬ মার্চ, ২০২৬ঃ
রাজ্যে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম
লিমিটেড, টিএসইসিএল। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদ্যুৎ চুরির ক্ষেত্রে কোনও রকম রেয়াত করা হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, বিদ্যুৎ চুরি শুধু সরকারের আর্থিক ক্ষতির কারণ নয়, এর ফলে বৈধ গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। তাই বিদ্যুৎ চুরি রোধে নিগমের ভিজিল্যান্স দলকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদেরও এই অভিযানে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানান, মন্ত্রীর নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় নিয়মিত ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ হুক লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে এবং বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিগমের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রাজ্যে মোট ৫৪ হাজার ৬০৪টি অবৈধ হুক লাইন চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়েছে। এই সময়ে বিদ্যুৎ চুরির অভিযোগে মোট ১৪ কোটি ১৬ লক্ষ টাকার বেশি জরিমানা ধার্য করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ১১ কোটি ২১ লক্ষ টাকারও বেশি আদায় করা সম্ভব হয়েছে।