আগরতলা, ৯ মার্চ, ২০২৬ঃ
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ, এডিসি নির্বাচনের ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সিপিআইএম রাজ্য দফতরে দলের রাজ্য কমিটির বৈঠকের পাশাপাশি বামফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে । এসময় উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য এবং আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব।
সাংবাদিক সম্মেলনে মানিক দে অভিযোগ করেন, শাসক দল বিজেপি নির্বাচনে বিপুল অর্থ ব্যবহার করছে এবং ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সেই অর্থ আসছে। তিনি কর্মী-সমর্থকদের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানান এবং ধর্মনগর উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে জয়ী করার জন্য মানুষের কাছে আবেদন জানান। নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন নিয়ে তারা এই নির্বাচনে ভালো ফল করবে বলেই আশাবাদী।
এদিকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। তবে সময় নষ্ট না করে আগেভাগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে বাম শিবির। ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী হিসেবে অমিতাভ দত্তের নাম ঘোষণা হওয়ার পরেই উত্তর ত্রিপুরার ধর্মনগরে বাম কর্মী-সমর্থকদের বিশাল মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে এবং বিভিন্ন উন্নয়নমূলক দাবিতে ও বর্তমান সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলা হয়।