আগরতলা, ১০ মার্চ ২০২৬ঃ
বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের ডাকে বিদ্যুৎ গ্রাহকেরা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সামনে সমবেত হয়ে প্রস্তাবিত মাশুল বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
জানা গেছে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম আগামী ১ এপ্রিল থেকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জন্য ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। এর আগেও ২০২৫ সালের নভেম্বর মাসে একই ধরনের প্রস্তাব পাঠানো হয়েছিল, যার তীব্র বিরোধিতা করেছিল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন।
বর্তমান প্রস্তাবের বিরুদ্ধেও সংগঠনের পক্ষ থেকে কড়া অবস্থান নেওয়া হয়েছে। বিক্ষোভ কর্মসূচির পর সংগঠনের একটি প্রতিনিধি দল ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের উদ্দেশ্যে যুক্তিসম্মত একটি আবেদনপত্র জমা দেয়। ওই আবেদনপত্রে রাজ্যে কোনোভাবেই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করার দাবি জানানো হয়েছে।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কনভেনার সঞ্জয় চৌধুরী বলেন, বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণের লক্ষ্যে লোকসভায় ‘বিদ্যুৎ আইন সংশোধনী বিল-২০২৫’ পেশ করা হচ্ছে, যার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন। সেই কর্মসূচির অংশ হিসেবেই ত্রিপুরাতেও এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে।