আগরতলা, ১০ মার্চ, ২০২৬ঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খাতা কাটার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের পরীক্ষায় ইনভিজিলেশন বা নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকদের প্রতিদিন ৪০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে বলে ঘোষণা করেছে বোর্ড।
এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একই কাজের জন্য শিক্ষকদের মাত্র ২০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। দীর্ঘদিন ধরে এই পারিশ্রমিক অপরিবর্তিত ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষকমহলসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। কারণ একই ধরনের দায়িত্ব পালন করার জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা প্রতিদিন প্রায় ৪৭৫ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন।
এই বৈষম্য সামনে আসার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত টিবিএসই পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও নতুন সিদ্ধান্ত অনুযায়ী পারিশ্রমিক দ্বিগুণ করা হয়েছে, তবুও তা অন্যান্য বোর্ডের তুলনায় অনেক কম বলে মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, টিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি বছর ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২৬ ফেব্রুয়ারি থেকে। রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হচ্ছে। নতুন সিদ্ধান্তের ফলে পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের কিছুটা হলেও আর্থিক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে।