আগরতলা, ৩১ মার্চ, ২০২৬ঃ
ফের জাতীয় স্তরে সম্মান অর্জন করল ত্রিপুরার পঞ্চায়েত রাজ ব্যবস্থা। ২০২৫ সালে বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ রাজ্যের তিনটি পঞ্চায়েত জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পক্ষ থেকে ৩০ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক নির্দেশে রাজ্য সরকারকে এই সাফল্যের কথা জানানো হয়।
নির্দেশ অনুযায়ী, সিপাহীজলা জেলা ‘সর্বশ্রেষ্ঠ পঞ্চায়েত জেলা’ হিসেবে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত পুরস্কার অর্জন করেছে। জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং জনমুখী পরিষেবা প্রদানের ক্ষেত্রে উৎকর্ষতার জন্য এই সম্মান প্রদান করা হয়েছে।
অন্যদিকে, কাঞ্চন বাড়ি গ্রাম পঞ্চায়েত ‘সুস্বাস্থ্যকর পঞ্চায়েত’ বিভাগে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার লাভ করেছে। স্বাস্থ্য পরিষেবা, স্যানিটেশন এবং জনস্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
একইসঙ্গে, বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েত ‘মহিলা বান্ধব পঞ্চায়েত’ বিভাগে একই পুরস্কার অর্জন করেছে। নারী ক্ষমতায়ন, নিরাপত্তা এবং স্বনির্ভর গোষ্ঠী গঠনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য এই পঞ্চায়েতটি প্রশংসিত হয়েছে।
পুরস্কারের অংশ হিসেবে সিপাহীজলা জেলা পঞ্চায়েত পাবে ৫ কোটি টাকা, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত পাবে ১ কোটি টাকা এবং বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েত পাবে ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদান। এই অর্থ স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক মাধ্যমে এই সাফল্যের কথা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই অর্জন রাজ্যের গ্রামীণ প্রশাসনের শক্ত ভিত এবং উন্নয়নমুখী নীতির প্রতিফলন।