আগরতলা, ১ এপ্রিল ২০২৬ঃ
আসন্ন ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ, এডিসি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে জোর কদমে নামল বিজেপি। বুধবার আগরতলায় রাজ্য দলীয় কার্যালয় থেকে দলের নির্বাচনী প্রচার গাড়ির উদ্বোধন করেন সাংসদ রাজিব ভট্টাচার্য, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এই প্রচার গাড়ির মাধ্যমে এডিসি এলাকার আদিবাসী সম্প্রদায়ের কাছে সরকারের উন্নয়নমূলক কাজ, প্রতিশ্রুতি ও কল্যাণমূলক প্রকল্পের বার্তা পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই বিজেপির মূল লক্ষ্য বলে জানান রাজিব ভট্টাচার্য।
তিনি বলেন, এই প্রচার গাড়ি গুলি এডিসি এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সংযোগ আরও মজবুত করবে এবং দলকে নির্বাচনে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। আসন্ন নির্বাচনে বিজেপির জয়যাত্রা আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, রাজ্য সরকার আদিবাসী এলাকার উন্নয়ন ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে এই প্রচার অভিযান জনজাতি এলাকার প্রতিটি প্রান্তে পৌঁছে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে।