আগরতলা, ৪ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরার খোয়াই জেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায়। শুক্রবার রাত ২টা নাগাদ, বন্য দাঁতাল হাতির হামলায় নিহত হন ৭০ বছর বয়স্ক মনিমালা দেববর্মা।
ঘটনার পরপরই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। শনিবার সকালে মৃতদেহ নিয়ে স্থানীয় বাসিন্দারা মুঙ্গিয়াকামী বাজারে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলই। তবে তাঁর পরিচয় জানতে পারার পর উত্তেজিত জনতা তাঁর উপর চড়াও হয়। পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে স্থানীয় তিপ্রামথা দলের নেতৃত্ব তাঁকে উদ্ধার করে নিজেদের কার্যালয়ে নিয়ে যান।
এরপর বিক্ষুব্ধ জনগন স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাঙচুর চালায়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হিরণ্ময় রায় ও নরেন চক্রবর্তী আক্রমণের শিকার হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, স্থানীয়দের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে এবং পথ অবরোধ অব্যাহত রয়েছে।
রাজ্যে এডিসি নির্বাচনের আগে এই ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে শনিবারই জরুরী ভিত্তিতে সরকারের পক্ষে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়।
মনিমালা দেববর্মার পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। এর মধ্যে ১ লক্ষ টাকা বনদপ্তর এবং বাকি ৪ লক্ষ টাকা রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে দেওয়া হবে।