আগরতলা, ৫ এপ্রিল, ২০২৬ঃ
গোলাঘাটি ও নলছড় এলাকায় তিপ্রা মথার হামলার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পেকুয়াজলা-জন্মেজয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী মজি দেববর্মা বাড়ি বাড়ি প্রচারে গেলে আচমকাই তিপ্রা মথার সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এতে প্রার্থীসহ একাধিক কর্মী মারধরের শিকার হন। হামলার সময় টাকারজলা থানার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং এক পুলিশকর্মীও আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, আমতলী কেন্দ্রের নলছড় বিধানসভা এলাকার রামপদপাড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এর আগের রাতে বিশুরাম চৌধুরীপাড়ায় বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরদিন সকালে মন্ত্রী কিশোর বর্মন ঘটনাস্থল পরিদর্শনে গেলে নতুন করে হামলার খবর সামনে আসে। তিপ্রা মথার একদল দুষ্কৃতী বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ, এতে অন্তত ৮ জন কর্মী আহত হন।
আহতদের মধ্যে লাল বাহাদুর ত্রিপুরা ও রতন ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পাশাপাশি আরও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন মথা সমর্থকদের বিক্ষোভের মুখেও পড়েন।
ঘটনার পর আহতদের দেখতে বিশালগড় মহকুমা হাসপাতালে যান সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ। পুরো ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।