আগরতলা, ৬ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কৌশলগতভাবে মাত্র একটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআই(এমএল) লিবারেশন। মহারানী-চেলাগাং আসনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোবিন্দ চরণ জমাতিয়া।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি বলেন, বিরোধী ভোট যাতে বিভক্ত না হয়, সেই লক্ষ্যেই দল শুধুমাত্র একটি আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাকি ২৭টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তিনি।
এছাড়াও, ধর্মনগর বিধানসভা উপনির্বাচনেও বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আবেদন জানান পার্থ কর্মকার। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।
নির্বাচনী প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি। রাজ্যে ইভিএম মেশিন থাকা সত্ত্বেও কেন মধ্যপ্রদেশ থেকে ইভিএম আনা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে ভিভিপ্যাট ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এই সাংবাদিক সম্মেলনে পার্থ কর্মকার ছাড়াও উপস্থিত ছিলেন মহারানী-চেলাগাং আসনের প্রার্থী গোবিন্দ চরণ জমাতিয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।