আগরতলা, ৮ এপ্রিল, ২০২৬ঃ
কুমারঘাটের সোনাইমুড়ি থেকে তেলিয়াছড়া গ্রামে যাওয়ার জন্য মনু নদীর উপর নির্মিত সেতু ভেঙে যাওয়ার ঘটনায় সাফাই দিলেন পূর্ত দপ্তরের
সচিব কিরণ গিত্যে।
বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, নির্মীয়মান এই সেতুর মোট দৈর্ঘ্য ১৪০ মিটার। এতে মোট ৪টি স্প্যান থাকবে। গত তিন বছর ধরে এই সেতুর নির্মাণ কাজ চলছে। ৪টি স্প্যানের মধ্যে ইতিমধ্যেই ৩৫ মিটার দীর্ঘ ৩টি স্প্যানের নির্মাণ কাজ শেষ। মাঝের একটি স্প্যান নির্মাণের কাজ বাকি। এরই প্রাথমিক পর্যায়ের সাটারিং ও সেন্টারিং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা গত কিছুদিন পূর্বে শেষ হয়। তিনি বলেন, এই স্প্যান নির্মাণের কাজ আগামী দুতিন মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই ঐ এলাকায় কয়েকবার কালবৈশাখী ঝড় বয়ে যায়৷ ফলে নদীতে জলস্রোত বৃদ্ধি পেয়ে যায় এবং স্প্যান নির্মাণের সাটারিং ও সেন্টারিং ক্ষতিগ্রস্ত হয় যা পরবর্তীতে ভেঙে পড়ে। এই ভেঙে যাওয়া সাটারিং ও সেন্টারিং এর ছবিই বিভিন্ন সংবাদ মাধ্যমে আজ প্রকাশিত হয়েছে। অর্থাৎ সংবাদে প্রকাশিত ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা সম্পূর্ণ অসত্য। পূর্ত দপ্তরের সচিব আরও বলেন, বর্তমানে রাজ্যে বিভিন্ন রাস্তায় এবং
রেল ট্র্যাকের উপর প্রায় ৫০টির বেশী ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তাই এই ধরণের সংবাদ জনগণের মনের মধ্যে যাতে ভীতির সঞ্চার না করে তার জন্য তিনি সকলের প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান রাখেন।