আগরতলা, ১৩ এপ্রিল ২০২৬ঃ
ত্রিপুরায় টিটিএএডিসি নির্বাচনে পেকুয়ারজলা জন্মেজয়নগর কেন্দ্রের অন্তর্গত হীরাপুর এসবি স্কুল ভোটকেন্দ্রে পুনঃভোট গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
কমিশনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন কিছু অনিয়মের অভিযোগ উঠে আসে। প্রাপ্ত নির্ভরযোগ্য ভিডিও ফুটেজ এবং নিযুক্ত পর্যবেক্ষকের রিপোর্ট পর্যালোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে, কিছু ব্যক্তি ইভিএমে কারসাজির চেষ্টা করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এর ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে কমিশন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিল ঘোষণা করেছে। একই সঙ্গে ১৬ এপ্রিল,পুনঃভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই দিন যথারীতি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
কমিশন জানিয়েছে, পুনঃভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।