আগরতলা, ৯ জুন, ২০২৬ঃ
রাজ্যে সামাজিক সুরক্ষা ও সমাজকল্যাণমূলক পরিষেবাকে আরও শক্তিশালী করতে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মন্ত্রী টিংকু রায়।
সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী জানান, বর্তমানে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রাজ্যের ১ লক্ষ ৩৪ হাজার ২৯৪ জন উপভোক্তাকে প্রতি মাসে ২ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যেই ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং ৫৬২টি কেন্দ্রকে “সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র” হিসেবে উন্নীত করা হয়েছে।
তিনি আরও জানান, জনজাতি অধ্যুষিত এলাকায় ২২৬টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়েছে।
মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার আওতায় ২০২৫-২৬ অর্থবর্ষে ৪৫ জন উপভোক্তাকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় ১০৫ জন কন্যাশিশুর নামে ফিক্সড ডিপোজিট করা হয়েছে।
“চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন্স উইথ ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটি” প্রকল্পের আওতায় ৩ হাজার ৪৯২ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া মানসিক প্রতিবন্ধীদের জন্য একটি রিক্রিয়েশন সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মজীবী মহিলাদের জন্য রাজ্যে ইতিমধ্যে ৪টি সখী নিবাস চালু হয়েছে। পাশাপাশি ১১৪ কোটি টাকা ব্যয়ে ১০টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের কাজ চলছে বলে জানান মন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী ১৪, ১৫ ও ১৬ জুন রাজ্যের বিভিন্ন প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এই শিবিরগুলির মাধ্যমে সম্প্রতি ঘোষিত চারটি নতুন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।