আগরতলা, ২৯ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরার প্রতিটি ধর্মের মানুষই রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের সমান অংশীদার। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই দেশ ও রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এর মূল ভিত্তি। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত সংখ্যালঘুদের ঋণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস ও আস্থা অর্জনে স্বচ্ছতা ও উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, প্রতিটি ধর্মই সরকারের কাছে সমানভাবে সম্মান ও মর্যাদাপূর্ণ। বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য বজায় থাকলে রাজ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ আরও সুদৃঢ় হয়। একটি সরকারি ঋণ বা আর্থিক সহায়তা একজন মানুষের পাশাপাশি তার পরিবারের ভবিষ্যৎও বদলে দিতে পারে এবং আত্মনির্ভরতার পথ সুগম করে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর দ্রুত আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ৩২২ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষা ও ব্যবসার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন। ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের উদ্যোগে এদিন ২৮ জন সুবিধাভোগীর মধ্যে মোট ৬৪ লক্ষ ৯৩ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।