আগরতলা, ১৬ এপ্রিল, ২০২৬ঃ
ধলাই জেলার আমবাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বুধবার সন্ধ্যায় ব্যস্ত আমবাসা বাজার এলাকায় একটি লাইভ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে বুল্টি মোদক নামে ১৩ বছরের এক কিশোরী তার সংস্পর্শে এসে মারাত্মকভাবে জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় কোনও ঝড়-বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া ছিল না, ফলে বিদ্যুৎ পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ জনতা বিদ্যুৎ দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একাংশ বিক্ষোভকারী দপ্তরে ভাঙচুর চালায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছালে ধস্তাধস্তির মধ্যে আমবাসা থানার ওসি নন্দন লাল দাস-সহ একাধিক পুলিশকর্মী আহত হন। কয়েক ঘণ্টা উত্তেজনা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
প্রশাসন জানিয়েছে, গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় এমন ঘটনা, যা জনরোষ আরও বাড়িয়েছে। এরই প্রেক্ষিতে অবহেলার অভিযোগে টিএসইসিএল-এর আধিকারিকদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে মহকুমা প্রশাসন।