আগরতলা, ২১ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনীয়া মহকুমায় মুহুরি নদীর তীরবর্তী চলমান বাঁধ নির্মাণ ও সংলগ্ন সড়ক প্রকল্পের কাজ মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের পুর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে।
পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও গুণমান খতিয়ে দেখেন। এদিন তিনি জানান, প্রকল্পের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ সড়কসহ বাকি কাজ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হবে।
বর্ষা মরশুমের আগে কাজ শেষ করার ওপর জোর দিয়ে সচিব সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি জানান, এই প্রকল্পের জন্য প্রায় ৭০ থেকে ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন তিনি ইশান চন্দ্র নগর এবং বল্লামুখা এলাকাও পরিদর্শন করেন।
এছাড়াও, বিলোনীয়া ছড়ায় একটি স্লুইস গেট নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি, যা ভবিষ্যতে জল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও উন্নত করবে।
পরিদর্শনের সময় দক্ষিণ জেলার জেলা শাসকসহ পুর্ত দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। সচিব তাঁদের সঙ্গে বৈঠক করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার উপর জোর দেন, যাতে বর্ষাকালে বাসিন্দাদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত রাখা যায়।