আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৬ঃ
প্রবল ঝড় ও ভারী বৃষ্টির জেরে আগরতলা সহ গোটা ত্রিপুরা জুড়ে বিদ্যুৎ পরিষেবা এবং পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দাপটে অন্তত ১২৯টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় পরিষেবা ব্যাহত হয়েছে।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এর প্রকৌশলী ও কর্মীরা সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে মেরামতির কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং অন্যান্য দপ্তরের কর্মীরাও সহযোগিতা করছেন। যদিও কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা আংশিকভাবে স্বাভাবিক হয়েছে, তবুও অধিকাংশ জায়গায় এখনও পরিষেবা পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণেও কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানান, প্রবল ঝড়ে রাজ্যের বিভিন্ন জেলায় মানুষের বাড়িঘর এবং বিদ্যুৎ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সবরকম সহায়তা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।